সাতক্ষীরা কম্পিউটার সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে শহরের আল বারাকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক খুরশিদ মাসুম ও সদস্য সচিব মাহফুজুর রহমান মুন্না আনুষ্ঠানিকভাবে নবগঠিত কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ আল আসাদ সান্নু। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিউল রহমান পাওয়ার ও খুরশীদ মাসুম। সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রাজু ও তারিকুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহফুজ মুন্না, অর্থ সম্পাদক মোঃ আল-ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম, আইটি সম্পাদক নাসির আল মামুন সোহাগ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সাত্তার, মোঃ হাফিজুর রহমান খোকন, ইন্দ্রজিৎ ও মীর শাহরিয়ার তপু।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, এক্সেল, ইজিবিজ ব্র্যান্ড, সাউথ বাংলা লিমিটেড, ইস্টার্ন আইটি, ডিস্ট্রিবিউশন হাব, কম্পিউটার সিটি ও শামস গ্রুপসহ দেশের স্বনামধন্য কম্পিউটার এক্সেসরিজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কম্পিউটার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসার মানোন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং প্রযুক্তিখাতে নতুন উদ্যোক্তা তৈরিতে সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার কম্পিউটার ব্যবসাকে আরও আধুনিক, সংগঠিত ও প্রযুক্তিনির্ভর করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
নবগঠিত কমিটির সদস্যরা তাদের বক্তব্যে জানান, সাতক্ষীরা জেলার সকল কম্পিউটার ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রযুক্তি প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল সেবার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জেলার প্রযুক্তিখাতকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করা হবে।



Comments
Post a Comment